সিলেটে নৌকা বাইচ বন্ধে ফের মাঠে তৌহিদী জনতা
সাম্প্রতিক সময়ে প্রতিবেশী বিয়ানীবাজারে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রাথমিক হুশিয়ারি এবং পরবর্তীতে স্থানীয় প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যস্থতায় গোলটেবিল বৈঠকের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ঘটনার পর এবার একই দাবিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলাতেও মাঠে নেমেছেন স্থানীয় তৌহিদী জনতা।
গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারের কুশিয়ারা নদীতে প্রস্তাবিত নৌকা বাইচ বন্ধের দাবিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি মীরগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
.png)
মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন, এমরান আহমদ ও শাকিল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজারে স্থানীয়দের গঠনমূলক উদ্যোগ ও সমঝোতায় সুন্দর সমাধান এলেও গোলাপগঞ্জের এই আয়োজন ঘিরে যেন কোনো ধরনের অপসংস্কৃতি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। একই সঙ্গে তাঁরা কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ বন্ধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকরি পদক্ষেপ কামনা করেন।
কয়েক শতাধিক তৌহিদী জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচি শেষে এলাকাটিতে কিছুটা থমথমে অবস্থা তৈরি হলেও শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বিষয়টির যৌক্তিক সমাধানের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।