কোটালীপাড়ায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় কনস্টেবল আজিমউদ্দিনের হাতের একটি আঙুল কেটে গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সালমান শিকদারকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সালমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সালমান শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কনস্টেবল আজিমউদ্দিন আহত হন এবং তার হাতের একটি আঙুল কেটে যায়।
.png)
আহত আজিমউদ্দিনকে রাত সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায় বলেন, রাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। পরে জানতে পারেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে কনস্টেবল আজিমউদ্দিন আহত হয়েছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মঙ্গলবার রাতেই ওয়ারেন্টভুক্ত আসামি সালমান শিকদারকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকাল ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালমান শিকদার (৩০) কোটালীপাড়া উপজেলার কাগডাঙ্গা গ্রামের জাবের শিকদারের ছেলে।
এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে সালমান শিকদারকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও সদস্য সচিব মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সালমান শিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
তবে এর আগেও চুরির অভিযোগকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন সালমান শিকদার। গত বছরের ১৯ জুলাই গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
পরে চলতি বছরের ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় স্বার্থ ও সাংগঠনিক বিবেচনায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলা স্বেচ্ছাসেবক দল। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এরপর চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে আবারও দল থেকে বহিষ্কার হলেন সালমান শিকদার।