আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন—আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
.png)
অনুষ্ঠানের জন্য মিলনায়তন বরাদ্দসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন পাঠাগারের সভাপতি আতাউর রহমান।
বুধবার দুপুরে ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। তারা ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পান। এ কারণে তারা ইউএনওর কক্ষে আর প্রবেশ করেননি বলে জানা গেছে।
পরে উপজেলা পরিষদের সামনে তারা নিজেদের মধ্যে কথা বলার সময় কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন রাসেল বিপ্লব। একপর্যায়ে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে আলাদা করে দেন।
রাসেল বিপ্লব অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন বলেও দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি বলেন, মাদকসংক্রান্ত একটি বিষয় নিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তিনি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং তাদের ফিরিয়ে দেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য। তিনি চাইলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।