ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মোখছেদ আলী সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর মোছার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নেন। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।

মামলাটিতে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে রায় ঘোষণা করেন আদালত।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, দ্রুত রায় দেওয়ায় তারা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ। দ্রুত বিচার নিশ্চিত হলে ধর্ষণের মতো অপরাধ কমবে বলেও তিনি মন্তব্য করেন। আদালতের রায়ে তারা সন্তুষ্ট বলে জানান।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে মাত্র এক বছরের মধ্যে মামলাটির রায় হয়েছে। আদালত অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রায় ঘোষণার পর ভুক্তভোগীর বাবা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার সম্পন্ন করায় বিচার বিভাগ ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!