ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৬ জনের মৃত্যুর তথ্য যাচাই হচ্ছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেছেন, বিভিন্ন তালিকা ও মর্গের তথ্য যাচাই করা হচ্ছে। তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন ও ধোঁয়া দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
রাত পৌনে ১১টার দিকে সাংবাদিকদের বিভাগীয় কমিশনার বলেন, ‘হাসপাতালে পদদলিত হয়ে কেউ মারা গেছেন—এমন কোনো তথ্যের প্রমাণ এখন পর্যন্ত পাইনি। আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে সেই তথ্যও যাচাই করা হচ্ছে।’
.png)
ছয়জনের মৃত্যুর তথ্য প্রচারের বিষয়ে তিনি বলেন, নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রকাশ বা প্রচার করা উচিত নয়। হাসপাতালের জরুরি বিভাগের তালিকায় ছয়জনের মৃত্যুর তথ্য নেই। মর্গের তথ্যের সঙ্গেও অন্যান্য তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। সব তথ্য যাচাইয়ের পর প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
রাত ১১টার দিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, বিভিন্ন তালিকা যাচাই করা হচ্ছে এবং যাঁদের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তথ্য নিশ্চিত হলে গণমাধ্যমকে জানানো হবে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১০ মিনিটের মধ্যে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আগুনের পর ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে ভবনের সিঁড়ি ও বের হওয়ার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
রাত ১০টার দিকে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করেন। পরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।