ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামে এক যুবক নিহতের ঘটনায় ইসলাম আলী (৩০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর একটি দল। গ্রেপ্তার ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।

Advertisement

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজান নামের দুই যুবককে চোর সন্দেহে আটক করে একদল লোক। এ সময় তাদের ওপর গণপিটুনি চালানো হয়।

পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে গ্রেপ্তার ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!