পাথর ছুড়ে পুলিশকে আহত, হাতকড়াসহ আসামি ছিনতাই
গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর রেললাইনের পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পাথরের আঘাতে মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান চালায়। এ সময় রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করে হামলার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকেন। এতে কনস্টেবল মাসুদ আহত হন।
পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। একপর্যায়ে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করেন। এতে কনস্টেবল মাসুদ আহত হন। এ সুযোগে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.png)