ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারগঞ্জে মাটিচাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
মরিয়ম। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামে সাত বছর বয়সী এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিধুলীর চরলোটাবর এলাকার একটি বসতঘরের মেঝের মাটি খুঁড়ে শনিবার গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পর মরিয়ম নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।

Advertisement

শনিবার রাতে বিদ্যালয়ের পাশের একটি বসতঘরে শিশুটির মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরিয়মের মরদেহ উদ্ধার করে। ওই ঘরটি জামিনুর নামে এক ব্যক্তির বলে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জামিনুর নামে একজনকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে কীভাবে এবং কেন শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!