ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে না করায় গলায় ফাঁস নিলেন কলেজছাত্রী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২১ অক্টোবর ২০২৪
বিয়ে না করায় গলায় ফাঁস নিলেন কলেজছাত্রী
ছবি: প্রতীকী

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রিতু (২৩) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রিতু ১নং দেউলাবাড়ী ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে ২নং ঘাটাইল ইউনিয়নের উত্তর শাহপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানার সঙ্গে বিয়ের প্রস্তাব আসে রিতুর। দেখতে এসে পরিবারের পছন্দ হলে তার নাকে নাকফুল পরিয়ে বিয়ে ঠিক করে যায় জুয়েলের পরিবার। সময়-সুযোগ বুঝে মেয়েকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেবেন- এমন কথাও পাকাপাকি হয় দুই পক্ষের মধ্যে। কথা হয় বড় ছেলেকে বিয়ে করানোর পরেই ছোট ছেলে জুয়েলকে দিয়ে রিতুকে বধূ হিসেবে বরণ করে নেবেন।

Advertisement

কিন্তু দীর্ঘ দুই বছরের অধিক সময় কেটে গেলেও রিতুকে আর বধূ হিসেবে উঠিয়ে নেয়নি জুয়েলের পরিবার।পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় দুইজনের মাঝে মোবাইলে যোগাযোগ ও মেয়ের বাড়িতে আসা-যাওয়া ছিল জুয়েলের। এরমধ্যে হঠাৎ একদিন জুয়েলের পরিচয় হয় রিতুর বান্ধবী মিতুর সঙ্গে। কৌশলে মোবাইল নম্বরও সংগ্রহ করে মিতুর। কথা শুরু হয় জুয়েল ও মিতুর। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ায় তারা।

ধীরে ধীরে মিতুর সঙ্গে জুয়েলের সম্পর্কের বিষয়টি প্রকাশ পেয়ে যায়। কয়েক দিন আগে জুয়েল কৌশলে দুইজনকে একত্র করে মিতুকে দিয়ে রিতুকে অপমান-অপদস্ত করায়। এমন অপমান সইতে না পেরে বাড়িতে এসে মনের কষ্টে ২-৩ দিন না খেয়ে ছিল রিতু। বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে।

দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. সুজাত আলী খান বলেন, মেয়েটি এতিম। ভাইয়ের সংসারে থেকে কোনো রকমে পড়ালেখা করে খেয়ে না খেয়ে বেঁচে ছিল। এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘাটাইল থানার ওসি রফিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঘাটাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!