ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২০ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম হাসিম উদ্দিন। তিনি হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোবারক হোসেন ও মোশারফ হোসেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী।

মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে যান। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরেরদিন হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন।

পরে ২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ রশিদ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!