ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গি সংগঠনের ৩ সক্রিয় সদস্যকে যেভাবে গ্রেফতার করল র‌্যাব

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২৮ জুন ২০২৪
জঙ্গি সংগঠনের ৩ সক্রিয় সদস্যকে যেভাবে গ্রেফতার করল র‌্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী ১০টি বই, ২৯টি লিফলেট, ১টি ডায়েরি, ২টি মাদরাসার পরিচয়পত্র, ২টি এনআইডি, ২টি মোবাইল ও ৪ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র‌্যাব -১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলার মো. নুরুল আমিনের ছেলে মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী সোনাগাজীর ইদ্রিস আলীর ছেলে মো. ওজায়ের (১৯)। র‌্যাবের দাবি, এ তিনজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌফলদন্ডী এলাকায় অভিযান চালায়। এ সময় এসব বই ও অন্যান্য মালামালসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়। ঈদের ছুটিতে মাদরাসা বন্ধ থাকায় তারা বাড়িতে আসেন। ছুটি শেষে পুনরায় মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু মাদরাসায় না গিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন নীতিনির্ধারণের জন্য গোপন বৈঠক করতে কক্সবাজারে একত্র হয়েছিলেন। বৈঠকের সময়ে তাদের গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য এবং তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এ যোগদানের কথা স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!