ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তায় বাবা-মেয়েকে আটকে মারধর, ছিনিয়ে নিল কোরবানির গরু কেনার টাকা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ১৫ জুন ২০২৪
রাস্তায় বাবা-মেয়েকে আটকে মারধর, ছিনিয়ে নিল কোরবানির গরু কেনার টাকা
আহত কলেজছাত্রী নুসরাত জাহান মুনিয়া

ঝালকাঠি সদর উপজেলায় কোরবানির গরু কেনার জন্য বাজারে যাওয়ার পথে বাবা ও মেয়েকে পিটিয়ে নগদ ৫০ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার পিপলিতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্থানীয় কলেজছাত্রী নুসরাত জাহান মুনিয়া ও তার বাবা সৈয়দ তোফাজ্জেল হোসেন। গুরুতর আহত হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুনিয়া। অন্যদিকে তোফাজ্জেল হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন- দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল কাদের মীরবহর চান মিয়ার ছেলে ওমর ফারুক (২৮), উসমান (২৫) ও আব্দুল (২২)।

Advertisement

তোফাজ্জেল হোসেন জানান, তার বড় মেয়ে নিশাত জাহান তানিয়াকে প্রেমের প্রস্তাব দেন স্থানীয় যুবক ওমর ফারুক। সেই প্রস্তাবে রাজি ছিলেন না তারা। বৃহস্পতিবার ব্যাংক থেকে কোরবানির জন্য ৫০ হাজার টাকা তুলে আরেক মেয়ে নুসরাত জাহান মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরছিলাম। ওমর ফারুক, উসমান ও আব্দুল পথরোধ করে পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় তারা শাবল, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। এবং সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মুনিয়ার কানের ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। এ সময় বাবা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় তারা। 

তিনি আরো বলেন, মুনিয়া গুরুতর জখম অবস্থায় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশের সহযোগিতায় আমরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই। মুনিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সৈয়দ তোফাজ্জেল হোসেন।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দক্ষিণ পিপলিতা গ্রামের সৈয়দ তোফাজ্জেল হোসেন মারধরের একটি অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!