ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১২ জুন ২০২৪
ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে দণ্ডপ্রাপ্তদের। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে সাইদুল তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যায় মোল্লারহাট ইউপির সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১২ জুন) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার (৪০), তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার (৪২), ভাগিনা সাইদুল খান (৩৫) ও ফারুক হোসেন মল্লিক (৪৫)।

Advertisement

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌঁসুলি আব্দুল মান্নান রসুল রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ মার্চ নলছিটি উপজেলার নাচনমহল বাজার সংলগ্ন সেতু এলাকায় মোল্লারহাট ইউপির তৎকালীন চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইদুল তালুকদার ওরফে কানবালা সাইদুলকে হত্যা করে। পরদিন নিহতের বাবা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি পুলিশ তদন্ত শেষে সিআইডিতে হস্তান্তর করে। সিআইডি তদন্ত শেষে ২০২০ সালের ২৮ মার্চ ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!