মুহূর্তেই নদীতে ভেঙে পড়ল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ে গেছে। এতে নগদাশিমলার বনমালী-জামতৈল সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি ভেঙে পড়ে।
জানা গেছে, ১৯৯৬ সালে উপজেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৫ ফুট। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্রিত হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলারের নিচে মাটি না থাকায় নদীতে স্রোত ও পানার চাপে সেতুর মাঝখানের প্রায় ২০ মিটার অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকুও রয়েছে ঝুঁকিতে।
নগদাশিমলা ইউপির সদস্য আয়নাল হক বলেন, নদীতে পানি আসার আগেই সেতুটির নিচে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করা হয়। এভাবেই বিগত পাঁচ বছর চলাচল করছি। কিন্তু হঠাৎ করে আজকে সেতুর মাঝখানের কিছু অংশ ভেঙে পড়েছে নদীতে। সেতু ভেঙে যাওয়ার পর লোকজন নদীতে জমে থাকা কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান বলেন, সেতুটি দীর্ঘদিনের পুরাতন। সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়দের যাতায়াতের স্বার্থে ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতু হওয়ায় সেটি সংস্কারের উপযোগী ছিল না। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাবো হবে।