মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বন্যার পানিতে তালতলী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুইদিন ধরে বিদ্যুৎ বন্ধ পুরো এলাকায়। লোকজনকে মোবাইল ফোন ও টর্চ লাইট চার্জ করতে স্থানীয়ভাবে চালু করা কিছু জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। লম্বা লাইনে অপেক্ষমাণ থেকে ২০ থেকে ৩০ টাকার বিনিময়ে চার্জ করছেন তারা।
উপজেলার মালিপাড়া এলাকায় ঘুরে ঘুরে একই ব্যবসা করছেন মাসুম। তিনি বলেন, আমি দেখলাম টাকা নিলেও মানুষের উপকার হচ্ছে। তাই জেনারেটর ভাড়া করে সবার চার্জের ব্যবস্থা করছি। আমি চার্জ প্রতি ৫০, ৩০ ও ২০ টাকা যার কাছ থেকে যা নেয়া যায় নিচ্ছি। এতে এলাকার মানুষও খুশি।
.png)
মোবাইল চার্জ দিতে আসা যোবায়ের বলেন, টাকা লাগছে এতে কোনো সমস্যা নেই। মোবাইলে চার্জ দিতে পেরেছি এতেই খুশি। তাছাড়া তাদেরও জেনারেটর খরচ আছে। তাদের কারণে আমাদের উপকার হচ্ছে।
তালতলীর ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, তালতলীর বিভিন্ন এলাকার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি এখনো অনেক পরিবার পানিবন্দি।