ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বস্তায় মিলল বৃদ্ধের টুকরো টুকরো দেহ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৩ ডিসেম্বর ২০২৩
সিলেটে বস্তায় মিলল বৃদ্ধের টুকরো টুকরো দেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে দুইটি বস্তা থেকে রনজিত দাস নামে এক বৃদ্ধের টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পাশের নর্দমা থেকে ওই বৃদ্ধের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। নিহত রনজিত দাস নগরীর আখালিয়া দুসকি এলাকার বাসিন্দা।

এর আগে, গত শুক্রবার (৮ ডিসেম্বর) নিখোঁজ হয়েছিলেন ওই বৃদ্ধ। এ ঘটনায় পরদিন শনিবার নগরীর জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত রনজিত দাসের ছেলে শংকর দাস। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমায় দুইটি বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। উৎসুক লোকজন সেখানে ভিড় করেন। পরে থানায় খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে ওই বস্তা থেকে এক ব্যক্তির টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন ছড়ার পাশে নর্দমায় দুইটি মুখ বাঁধা বস্তা পড়েছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পিবিআই’র একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। ওই ঘটনা থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি বস্তায় টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!