ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করব’

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১৬ জুন ২০২৩
‘আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করব’
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অবস্থান নিয়েছে এক স্কুলছাত্রী। ওই স্কুলছাত্রীকে তার প্রেমিক বিয়ে না করলে প্রেমিকের বাড়িতে বসেই আত্মহত্যা করবে বলে ঘোষণা দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, উপজেলার টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৫) তার বাড়ির পাশের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেম করে আসছিলেন। সম্প্রতি ইব্রাহিম মোল্লার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখেন। এ খবর পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে ওঠার পর ইব্রাহিম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার চাচা সিদ্দিক মোল্লার ঘরে অবস্থান করছেন। 

Advertisement

ওই স্কুলছাত্রী জানায়, তিন বছর ধরে ইব্রাহিম মোল্লার সঙ্গে প্রেম করছি। এ সময় সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ইব্রাহিম মোল্লা আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব। 

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, মেয়েটি আজ দু’দিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই দু’দিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান। 

ওই ছাত্রীর বাবা বলেন, ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে তাতে সমাজে আমার মুখ দেখাবার অবস্থা নেই। আমি চাই ইব্রাহিম মোল্লা আমার মেয়েকে বিয়ে করুক। আর সে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নেব। 

ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলী শেখ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখি সামাজিকভাবে ফয়সালার চেষ্টা করব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!