ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অনশন, উধাও ফারুক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৯ এপ্রিল ২০২৩
বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অনশন, উধাও ফারুক
ফাইল ফটো

কাতার প্রবাসী ওমর ফারুকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তরুণীর। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে এসে দেখা করেন তারা। শুধু তাই নয়, তাকেই বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দেন ফারুক। কিন্তু ওই তরুণীকে বিয়েতে অস্বীকৃতি জানায় ফারুকের পরিবার। এমনকি প্রেমিক ফারুককে অন্যত্র বিয়ের দেওয়ার জন্য দেখছেন পাত্রীও। খবর পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন ওই তরুণী। তবে প্রেমিকাকে দেখে পালিয়েছেন প্রেমিক ও তার পরিবারের সদস্যরা। 

ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলায়। বিয়ের দাবিতে ছয় দিন ধরে অবস্থান করেও হয়নি কোনো সুরাহা। প্রেমিক ওমর ফারুক উপজেলার চিথলিয়া ইউপির মালিপাথর গ্রামের আলি আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৪ এপ্রিল দুপুরে ওই তরুণী ওমরের বাড়িতে আসেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফার উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় ওই তরুণী আবারো ফারুকের বাড়িতে ঢুকে যান। তবে আত্মগোপনে চলে গেছেন ফারুকসহ তার পরিবারের সদস্যরা।

Advertisement

ওই তরুণী জানান, এক বছর আগে কাতারে থাকা অবস্থায় ওমর ফারুকের সঙ্গে ফেসবুকে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফারুক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। দেশে এসে ফেনীতে দেখাও করেন তারা। কিন্তু ওই তরুণীকে বিয়েতে অস্বীকৃতি জানায় তার পরিবার। এমনকি ওমরকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখছেন। এমন খবরে বিয়ের দাবিতে ওমরের বাড়িতে এসে অনশনে বসেছেন তিনি। 

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা বলেন, গত ৪ এপ্রিল ওই তরুণী ফারুকের বাড়িতে আসেন। খবর পেয়ে আমি রাতে ঘটনাস্থলে যাই এবং দুপক্ষের সঙ্গে কথা বলে সালিশ বৈঠক করি। কিন্তু ওমর ওই তরুণীকে বিয়ে করতে রাজি নন। পরে বাড়ি থেকে পালিয়ে যান সবাই।

চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে বাড়ি ছেড়ে পালিয়েছেন ওমর ও তার পরিবারের সদস্যরা। ওমরের খোঁজ পেলে বিয়ের ব্যবস্থা করা হবে। 

পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম  বলেন, এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!