ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর সোহেল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই ৯ বছর পর গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৮ জুন ২০২৩
চাঞ্চল্যকর সোহেল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই ৯ বছর পর গ্রেফতার
গ্রেফতারকৃত দুই ভাই- ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ ৯ বছর পালিয়ে থাকার পর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবচরের জাদুয়ারচর এলাকার আব্দুল গফুর হাওলাদারের দুই ছেলে মিজানুর রহমান কুটুম ও শাহীন হাওলাদার। এ নিয়ে দণ্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি ও গ্রেফতারকৃতদের ভাই খালেক হাওলাদার এখনো পলাতক।  এর আগে, ১৪ মে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আলামিনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহতাসিম রসুল বলেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট শিবচর উপজেলার জাদুয়ারচরের সিদ্দিক মল্লিকের ছেলে সোহেল মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।  ঘটনার পরদিন নিহতের বাবা শিবচর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় ২০১৮ সালের ১৪ মে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ চারজনকে মৃত্যুদণ্ড দেন।

তিনি আরো বলেন, আসামিদের আগেও গ্রেফতার করা হয়েছিল। ঐ সময় তারা জামিন নিয়ে পালিয়ে যায়। পরে র‌্যাব মিজানুর রহমান ও শাহীন হাওলাদারকে গ্রেফতার করে। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক খালেক হাওলাদারকে গ্রেফতারে অভিযান অব্যাহত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!