ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৬ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার ফরিদ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৪ জুন ২০২৩
১৬ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার ফরিদ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ডাকাতি, হত্যাচেষ্টা, অপহরণ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শেখ ফরিদকে (৩৫) ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, শনিবার রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে ফেনীর লালপোল এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ ফরিদকে গ্রেফতার করে র‌্যাব। শেখ ফরিদ ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর চান্দিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।

ফরিদ ফেনী জেলাসহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন। এছাড়া তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীসহ বিভিন্ন জেলায় নানান পরিচয়ে আত্মগোপন করেছিলেন। সর্বশেষ তিনি লালপোল এলাকায় আত্মগোপন করেন।

Advertisement

র‌্যাব আরো জানায়, প্রাথমিকভাবে পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যাচেষ্টা, অপহরণ এবং অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সর্বমোট ১৬টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে ফেনী জেলার সোনাগাজী থানায় ১২টি, ফেনী সদর থানায় ১টি ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায় ৩টি।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!