মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শালিখা উপজেলার কোটভাগ গ্রামের শামসুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুস সবুর, গহর মুন্সির ছেলে হাবিবুর এবং ইমান উদ্দিনের ছেলে বুলু মিয়া।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার বিবরণ দিয়ে জানান, গ্রাম্য দলাদলি নিয়ে কোটভাগ গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে সাহেব আলীর সঙ্গে একই এলাকার কয়েকজনের বিরোধ ছিল। ২০০২ সালের ৮ মার্চ সকালে তিনি ফসলের মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।
.png)
এ ঘটনায় একইদিন সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সব আসামির নামে আদালতে চার্জশিট দেয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়।