ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজার ভয়ে সৌদিসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন আনিছ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ১৬ মে ২০২৩
সাজার ভয়ে সৌদিসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন আনিছ
ছবিতে আনিছুল হক আনিছ

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনিছুল হক আনিছ। সাজার ভয়ে পালিয়ে ছিলেন দীর্ঘ ২৩ বছর। তবুও শেষ রক্ষা হয়নি আনিছের। 

সোমবার (১৫ মে) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি আনিছকে ২৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। 

আনিছুল হক আনিছ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দীর্ঘদিন পলাতক থেকে তিনি সম্প্রতি গ্রামে আসলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Advertisement

পুলিশ জানায়, ২০০০ সালে আনিছসহ সাতজন মিলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই নারী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ফেনী-২ এর তৎকালীন বিচারক সাত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

এরমধ্যে তিন আসামি দীর্ঘদিন কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন। পলাতক চার আসামির মধ্যে আনিছও একজন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এরই মধ্যে সৌদি আরবসহ কয়েকটি দেশে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে এসআই সায়েদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই মামলায় দণ্ডিত আরো তিন আসামি এখনো পলাতক আছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, প্রায় ২৩ বছর পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনিছকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!