ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ছবি তুলতে গিয়ে দেখি রক্তাক্ত লোকটি আমারই আপন ভাইপো’

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৩ মে ২০২৩
‘ছবি তুলতে গিয়ে দেখি রক্তাক্ত লোকটি আমারই আপন ভাইপো’
ছবিতে শহিদুল ইসলাম

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাবলা গাছের সঙ্গে ধাক্কা লেগে শহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা উপজেলার মাশিলা বাজার সড়কের ধুনারখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের নবাব হোসেনের ছেলে।

নিহত শহিদুলের চাচা মিঠু হোসেন বলেন, ঐ সড়ক দিয়ে মাশিলার দিকে যাওয়ার পথে ধুনারখাল নামক স্থানে এসে দেখি দুইজন লোক রক্তাক্ত অবস্থায় আহত একজনকে ধরে রেখেছেন। তারা আমাকে বলেন- ভাই ছবি তুলে একটু নেটে (ফেসবুকে) দিয়ে দাও। বাবলা গাছে ধাক্কা দিয়ে ছেলেটির এই অবস্থা হয়েছে। তখন তাকে হাসপাতালে নেয়ার মতো সড়কে কোনো যানবাহন ছিল না। আমি ছবি তুলতে গিয়ে দেখি রক্তাক্ত লোকটি আমারই আপন ভাইপো (ভাইয়ের ছেলে) শহিদুল। তার মোটরসাইকেলটি রাস্তার পাশে ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। এরপর কোনোভাবে একটি গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পরও কিছুটা নড়াচড়া করছিল। এরপরই সে মারা যায়।

Advertisement

শহিদুলের স্ত্রী জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টায় অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে শহরে প্রাইভেট পড়তে দিয়ে মোটরসাইকেলে ফেরত আসছিলেন শহিদুল। এরপর মোবাইলে সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখি তার লাশ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!