পায়রা বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দূরে মোখা, ৪ নম্বর সংকেত
ঘূর্ণিঝড় মোখা পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অধিদফতর।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস।
তিনি জানান, মোখা এখন যেখানে আছে সেখান থেকে ধারণা করা হচ্ছে এটি কক্সবাজার ও মিয়ানমার এ আঘাত হানবে। তবে এখন বরিশালের পায়রা সমুদ্র বন্দর থেকে মোখার অবস্থান ৯৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ৫০০ কিলোমিটার কাছাকাছি অবস্থান করলে আরো বিস্তারিত বলা যাবে। তবে বরিশাল জেলায় এর প্রভাব কিছুটা পড়তে পারে। তাই মোখার অবস্থান বিবেচনা করে এরই মধ্যে সমুদ্র বন্দরে স্থানীয় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। আর নদী বন্দরে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেওয়া হয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৯৭৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বরিশালে ৫৪১, ভোলা ৭৪৬, পটুয়াখালী ৭০৩, ঝালকাঠি ৬২, বরগুনা ৬৪২ আর বাকিগুলো পিরোজপুরে। এসব আশ্রয়কেন্দ্রে কয়েক লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া তাদের জন্য শুকনো খাবারসহ নগদ অর্থের ব্যবস্থা রাখা হয়েছে। ছয় জেলার প্রশাসনসহ বিভাগীয় কমিশনাররা ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।