৩ ঘণ্টা পর পটুয়াখালীর পুরান বাজারের আগুন নিয়ন্ত্রণে
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি দোকান, একটি ৫ তলা ভবনসহ অগ্রণী ব্যাংকের একটি শাখার আংশিক আগুনে পুড়ে যায়। তবে, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ে। এতে ফায়ার সার্ভিস ও পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
জানা যায়, আগুন লাগার পর বাতাসের চাপে মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে অবস্থার অবনতি হলে আরও ৭টি ইউনিট অন্যান্য উপজেলা থেকে ঘটনাস্থলে আসে। পরবর্তীতে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।