ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরমুজ খেত লুটে বাঁধা, চাষিকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ৪ এপ্রিল ২০২৩
তরমুজ খেত লুটে বাঁধা, চাষিকে কুপিয়ে জখম
তরমুজ খেত -ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় একটি তরমুজ খেতের তরমুজ লুটে বাঁধা দেওয়ায় খেতের চাষিকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই চাষিকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ এপ্রিল) রাতে সদরের ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চাষি মিলন হাওলাদার ওই গ্রামের হামেদ হাওলাদারের ছেলে। অভিযুক্ত সাগর তিনিও একই গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। মিলন ও সাগর সম্পর্কে চাচাতো ভাই।

Advertisement

প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, সাগর সন্ধ্যার পরপরই ৫-৭ জন অপরিচিত ছেলেকে সঙ্গে নিয়ে মিলনের তরমুজ খেতে লুট চালান। এতে বাঁধা দিলে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। এ সময় আমি এগিয়ে গেলে আমাকেও তাড়া করেন। পরে আমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যান এবং মিলনকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাই।

চাষি মিলনের মা রওশনারা বেগম বলেন, শুধু তরমুজ লুট না, মূলত আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল তারা। বরগুনা থেকে বরিশাল ও পরে ঢাকায় নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে মিলনকে। বলা যায় না ছেলেটা আমার বাঁচবে কি না। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয় জানতে অভিযুক্ত সাগরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক দাবি স্থানীয়দের।

তবে এ বিষয় সাগরের দাদি আইফুল বলেন, আমার নাতি এমন কাজ করতেই পারে না। কারা না কারা এ কাণ্ড ঘটিয়েছে সেই দায় আমাদের ওপর দিচ্ছে।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!