এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ২০ হাজার শিক্ষার্থীর
এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ১৮১ জন। এর মধ্যে কেউ কেউ একাধিক খাতা পুনর্নিরীক্ষণেরও আবেদন করেছেন। সবমিলিয়ে খাতার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৫১টি।
চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত এসব আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
তিনি বলেন, ফল প্রকাশের পর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ে নিজেদের ৩২ হাজার ২৫১টি খাতা চ্যালেঞ্জ করেন ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে বাংলা প্রথমপত্রে দুই হাজার ২০৪ জন, বাংলা দ্বিতীয়পত্রে দুই হাজার ২০৪, ইংরেজি প্রথমপত্রে দুই হাজার ৬৭৬, ইংরেজি দ্বিতীয়পত্রে দুই হাজার ৬৭৬, গণিতে চার হাজার ৩৫৪, ভূগোল ও পরিবেশে পাঁচ হাজার ৪৯৫, উচ্চতর গণিতে এক হাজার ৪৩, কৃষি শিক্ষায় ৪৫৮, পদার্থ বিজ্ঞানে এক হাজার ৫৬৩, রসায়নে দুই হাজার ১২২, জীববিজ্ঞানে ৯২৬, পৌরনীতি ও নাগরিকতায় ১১৭, অর্থনীতিতে ২৯৪, ব্যবসার উদ্যোগে ৭৫, হিসাব বিজ্ঞানে ৫৪, গার্হস্থ্য বিজ্ঞানে ১৮, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২৫৮, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় পাঁচ হাজার ৬৭৪ জন আবেদন করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ধারণাপ্রসূত ফল না পেয়ে সাধারণত এ আবেদন করেন। আমরা তাদের প্রত্যাশা মাথায় রেখে সঠিকভাবে খাতা পুনর্নিরীক্ষণ করব। দ্রুতই তাদের ফল প্রকাশ করা হবে। যেন কলেজে ভর্তি হতে তাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়।
২৮ নভেম্বর প্রকাশিত হয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মোট পাস করেছেন এক লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছাত্র ৮৫ দশমিক ৬২ শতাংশ আর ছাত্রী ৮৬ দশমিক ১৭ শতাংশ রয়েছেন।