নালিতাবাড়ীতে দুর্গোৎসবের বর্ণাঢ্য র্যালি, দুই শতাধিক নারীকে শাড়ি উপহার
শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর দিনে আয়োজিত এ র্যালিতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
র্যালিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নালিতাবাড়ী শাখার সভাপতি হরিদাস কর্মকার স্বপন, সাধারণ সম্পাদক রতন পাল ও সিনিয়র সহসভাপতি শংকর পাল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস দেওয়ান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিম ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সড়কের দুই পাশে স্থানীয়দের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। দুর্গোৎসবকে ঘিরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের আবহ তৈরি হয়েছে।
এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী দুই শতাধিক নারীকে শাড়ি উপহার দিয়েছেন।
এ বছর নালিতাবাড়ী উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ২৬টি এবং নালিতাবাড়ী পৌরসভায় ১৫টি পূজামণ্ডপ রয়েছে।