ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ১৬ জুলাই ২০২২
মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল যুবকের
নিহত সাব্বির

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে কথা-কাটাকাটির জেরে সাব্বির নামে ২০ বছর বয়সী এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের টিকরামপুর গ্রামের আদর্শ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির একই এলাকার মনিরুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় কাউন্সিলর ইব্রাহিম আলী জানান, বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করছিলেন সাব্বির। এ সময় তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের ওভারটেকের চেষ্টা করেন পৌর শহরের এক নম্বর কলোনির জিয়ার ছেলে সুরাত আলীসহ আরো কয়েকজন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাব্বির ও আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান চিকিৎসক। কিন্তু পথেই তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!