ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্বৃত্তের বিষে মরলো লাখ টাকার মাছ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
দুর্বৃত্তের বিষে মরলো লাখ টাকার মাছ
দুর্বৃত্তের বিষে মরলো কয়েক লাখ টাকার মাছ ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকা মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার গজারিয়া বিলে জলমহালে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতির মুখে পড়েছে এ বিল লিজ নেয়া লোকজন। 

মঙ্গলবার রাতে উপজেলার সুয়াইর ইউপিরর গজারিয়া বিলে এ বিষ প্রঅয়োগের ঘটনা ঘটে। বুধবার সকালে বিলের গলদা চিংড়ি, বোয়াল, আইড়সহ বিভিন্ন ধরনের মাছ ভাসতে দেখে মাছ ধরার দায়িত্বে থাকা লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সরেজমিনে গিয়ে দেখে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, রাজস্ব ও ভ্যাট টেক্স মিলে মোট ৭১ লাখ টাকা উপজেলার গজারিয়া বিল লিজ নেয় স্থানীয় সোনার বাংলা মৎস সমবায় সমিতি নামে একটি সমিতি। এ সমিতির সভাপতি সোহাগ হোসেন তার তত্ত্বাবধানে এটিতে মাছ ধরার কাজ করছেন। 

বিলে মাছ ধরা ও তদারকির দায়িত্বে থাকা আব্দুস ছালাম ও মিজানুর রহমান (টিটু) বলেন, সন্ধ্যায় বিলের কাটায় (গাছের ডালপালা দিয়ে মাছের অবস্থান করার জায়গা) হয়তো বিষ প্রয়োগ করেছে। বিষের প্রভাবে মাছ ভেসে ওঠার পর রাতভর জাল দিয়ে ধরেছে দুর্বৃত্তরা। ভোরে লোকজন মাছ ধরতে গেলে তাদের দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখে সেগুলো জাল দিয়ে তুলে ফেলি। এছাড়া আরো অনেক মাছ মরে গিয়ে তলিয়ে গেছে। এটা বড় ধরণের ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব নয়। 

তারা আরো বলেন, ‌‌‘বিলের ডাক না পেয়ে একটি পক্ষ আমাদের প্রতি ক্ষিপ্ত। তারাই এ ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগে একবার তাদের লোকজন আমাদের ওপর হামলাও চালিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে এসেছে। এটা সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে মালিকপক্ষ অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, এটি খুবই দুঃখজনক। এমনিতেই দিন দিন মাছ কমে যাচ্ছে, তারপর জলমহালে বিষ প্রয়োগের ঘটনা মেনে নেয়ার মত নয়। মালিকপক্ষকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!