ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কবরের জায়গার দাম ৪৫ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ৬ জানুয়ারি ২০২২
কবরের জায়গার দাম ৪৫ লাখ টাকা
মাটি ভরাট করার কারণে পুরোনো কবরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে (ছবি: সংগৃহীত)

কবরের জায়গার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি  কর্পোরেশন (রাসিক)। একটি কবরের দাম অন্তত ৪৫ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

রাসিকের আগামী সাধারণ সভায় অনুমোদনের জন্য কবরের মাটির মূল্য বৃদ্ধির এ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীতে ৪৪ টি কবরস্থান রয়েছে। কবরস্থানগুলোর প্রায় সব জায়গা ভরে গেছে। নতুন কবর দেওয়ার মতো জায়গা নেই। তাই কবরস্থানগুলোতে মাটি ফেলা হচ্ছে। ফলে আগের কবরগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু যেসব কবর ইট দিয়ে পাকা করা আছে সেগুলো আগের মতোই থাকছে। এ কারণে কবর পাকাকরণে নিরুৎসাহিত করছে সিটি কর্পোরেশন। তাই কবরের মাটির উচ্চমূল্য নির্ধারণ করা হচ্ছে। কেউ কবর ইট দিয়ে পাকা করতে চাইলে মাটি কিনতে হবে চড়া দামে। তবে সাধারণ কবরের জন্য টাকা দিতে হবে না। পাকা কবরের মূল্য সাধারণ সভায় পাস না হওয়ায় সিটি কর্পোরেশন মাটি বিক্রি বন্ধ রেখেছে। 

আরো পড়ুন: চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ঢিল, মাথা ফাটল চালকের

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে শহরের গৌরহাঙ্গা কবরস্থানে গিয়ে দেখা যায়, শ্রমিকরা মাটি ফেলে সংস্কারের কাজ করছেন। কবরস্থানটির গোটা এলাকা সমান হয়ে গেছে। শুধু তিন-চারটি কবর পাকা থাকায় সেগুলো আগের মতোই আছে। সবচেয়ে বেশি পাকা কবর আছে নগরীর হেতেমখাঁ কবরস্থানে। এই কবরস্থানেও চলছে সংস্কারের কাজ। একটি গাছের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলেন মুনতাসির হোসেন। 

তিনি জানান, করোনায় তার বাবা মারা গেছেন। এখন কবরের জায়গাটি বুঝতে পারছেন না তিনি। গাছের পাশে কবর হয়েছিল বলে ধারণা করে এখানে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন।

আরো পড়ুন: ভাসানচরে পৌঁছাল ৭০৫ রোহিঙ্গা

রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে শহরের ৪৪টি কবরস্থান সংস্কার করা হচ্ছে। কবরস্থানগুলোতে মাটি ভরাটের পাশাপাশি রাস্তা, অজুখানা, জানাজা শেড ও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। নতুন কবরের জায়গা সংকুলানের সমস্যার কারণে প্রথমবার কবরস্থানগুলোতে মাটি ভরাট করা হচ্ছে। ফলে পুরো কবরস্থানেই আবার নতুন করে কবর করা সম্ভব হবে।

তিনি আরো জানান, কবর পাকা করলে সেখানে পরবর্তীতে আর কবর করা সম্ভব না। তাই এ ব্যাপারে নিরুৎসাহিত করতে অন্তত ৪৫ লাখ টাকা মাটির মূল্য করার সুপারিশ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের সাধারণ সভায় প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!