ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খোলা আকাশের নিচে ৩০ পরিবার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১১ ডিসেম্বর ২০২১
খোলা আকাশের নিচে ৩০ পরিবার
আগুনে পোড়া ধ্বংসস্তূপ (ছবি: ডেইলি বাংলাদেশ)

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের বস্তিতে শনিবার ভোর রাতে ভয়াবহ আগুনে ৩৩ পরিবারের সহায়সম্বল পুড়ে গেছে। সর্বস্বান্ত পরিবারের সদস্যরা পাশের মাঠে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এ আগুনে কোনো হতাহত না থাকলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার ভোরে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাংকি সংলগ্ন এসআরবি কলোনিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ছয়টি ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Advertisement

তিনি আরও বলেন, আগুনে বস্তির তিন সারিতে ২২ জন মালিকের ৩৩টি কাঁচাঘর পুড়ে গেছে। আগুনে ৩০টির বেশি পরিবার তাদের সহায়-সম্বল হারিয়েছে। শতাধিক মানুষ ঘর হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় অবস্থান করছেন।

আগুনে সব হারানো মঞ্জু খানম বলেন, বস্তির একপাশ থেকে আগুন লাগে। এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে, ভাতের ডেকচিটা পর্যন্ত বের করতে পারিনি। কোনোমতে নিজের জান আর বাচ্চাদের নিয়ে বের হয়ে এসেছি।

সদরঘাট থানার ওসি সাখাওয়াত হোসেন  জানান, অগ্নিকাণ্ডের সময় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বস্তির এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল আগেও দুইবার স্ট্রোক করেছিলেন। আগুনের ভয়াবহতা দেখে তিনি তৃতীয়বার স্ট্রোক করেন বলে বস্তির লোকজন জানিয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। 

পরিত্যক্ত একটি রেল লাইনের পাশে গড়ে ওঠা ওই বস্তিতে একশর বেশি বসতঘর ছিল। স্থানীয়দের দাবি, সেখানে থাকা বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে নেয়া। সেখান থেকে শটসার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!