ধর্ষণের সময় শিশুর চিৎকার, পালিয়ে আত্মীয়ের বাড়িতে উঠল ধর্ষক
নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ঐ গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ঐ শিশুকে দোকানে নিয়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে নিয়ে যায় রবিউল। সেখানে তাকে ধর্ষণ করে। ঐ সময় শিশুটি চিৎকার করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে পুলিশ অভিযান পরিচলানা করেও তাকে আটক করতে পারেনি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমাইনগর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে রাতেই রবিউল ইসলামকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী জুমাইনগরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।