ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
রূপগঞ্জে আগুন থেকে বাঁচতে ৭ তলা থেকে লাফ, প্রাণ গেল দুই নারীর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডে আগুনের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আগুন থেকে বাঁচতে কারখানার সাততলা থেকে লাফ দিয়ে নিহত হন তারা। এছাড়া আগুনে আহত হয়েছেন দেড় শতাধিক শ্রমিক।
নিহতরা হলেন- সিলেটের যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী ও রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজারের হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার। লাশ দুটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকার ওই কারখানায় আগুন লাগে।
কারখানার শ্রমিক আল-আমিন জানান, সাড়ে ৫টার দিকে কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন উপরের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। ওই সময় মিনা আক্তার ও স্বপ্না রানী নামে দুই নারী শ্রমিক আগুন থেকে বাঁচতে সাততলা থেকে লাফ দিয়ে নিহত হন।
ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শাহাদাত হোসেন জানান, আহতদের মধ্যে ৪০ জনকে ইউএস বাংলা হাসপাতালে এবং ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল আল আরেফিন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, কাঞ্চন, ডেমরা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের ছাদে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।