ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মা-ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন তিন ভাই
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সৌদি প্রবাসী মো. শামীম ও তার মা সেতারা বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত তিন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন চিকিৎসাধীন শামীম। এদিন সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শামীম দক্ষিণ মান্দারী গ্রামের শরীফ উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দক্ষিণ মান্দারী গ্রামের আফছার উদ্দিন পাটওয়ারী বাড়ির রাস্তা নিয়ে শামীমের সঙ্গে চাচাতো ভাই ঠিকাদার আবু নোমান রিপনের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি শামীমকে মারধর করেন রিপনসহ তার দুই ভাই মামুনুর রশিদ ও ইফতেখার হোসেন রোমান। ছেলেকে বাঁচাতে এলে সেতারা বেগমকেও মারধর করেন তারা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীম বলেন, রাস্তা নিয়ে কথা কাটাকাটির মধ্যেই রিপনসহ তার ভাইয়েরা আমার ওপর হামলা করেন। গলা টিপে তারা আমাকে হত্যাচেষ্টা চালান। আমার মাকেও মারধর করা হয়।
অভিযুক্ত আবু নোমান রিপন বলেন, শামীমকে মারধর করা হয়নি। তিনি হঠাৎ আমাদের ওপর লাঠি নিয়ে হামলা করেন। এখন উল্টো অভিযোগ তুলেছেন বলে দাবি করেন তিনি।
ইউপি সদস্য আব্দুর রহিম মিন্টু বলেন, আমি ঘটনাস্থল গিয়েছি। শামীমের শরীরের আঘাতের চিহ্ন দেখেছি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।