মিরকাদিমে মেয়রের বাড়িতে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছেন বোম ডিসপোজাল ইউনিট। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ঘটনার পর রাতভর বোম ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে কাজ করেছেন। এছাড়া সিআইডি, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে বোমার কোনো আলামত পায়নি।
পর্যবেক্ষণ শেষে বিস্ফোরণটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়র আব্দুস সালামের স্ত্রী, পৌরসভার ২ প্যানেল মেয়রসহ ১৩ জন দগ্ধ হন।
আহতরা হলেন, মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা, আওলাদ, কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, মেয়র আব্দুস সালামের স্ত্রী কানন, তাইজুল, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাশ, পান্না, কালু, কানন ও মহিউদ্দিন।
এদের মধ্যে রহিম বাদশাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।