ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

পিকআপ জব্দ, উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭১ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ৩১ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
উদ্ধারকৃত ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ ছবি: ডেইলী বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক মো. সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক তপন সরকার জানান, গ্রেপ্তার সাইদুল একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তপন সরকার বলেন, “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!