ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৬, ৬ এপ্রিল ২০২১
মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩
দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালামের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণে চার কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন। তবে মেয়র অক্ষত রয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধ চার কাউন্সিলর হলেন- মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা। দগ্ধ অন্যরা হলেন- মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল। এর মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে দগ্ধদের ভর্তি করা হয়

কাউন্সিলর রহিম বাদশা জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে কাউন্সিলরসহ অন্যরা আলোচনা করছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ ফেটে চুরমার হয়ে গেছে।

এ সময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে চার কাউন্সিলরসহ ১৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!