পানিতে ডুবে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে আতিফ মোহাম্মদ নিহাল নামে এক কলেজছাত্র ও পানিভর্তি হাউসে পড়ে খালামুন নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার বিকেলে পৃথক এসব ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি(অপারেশন) মিন্টু রহমান জানান, কলেজছাত্র নিহাল চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার এলাকার সানাউল ইসলামের ছেলে। তিনি সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে স্কাউটিং সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নেহাল। বিকেল সাড়ে ৪টার দিকে স্কাউটিংয়ের চার বন্ধুকে নিয়ে শিবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই উপজেলার বোগলাউড়ি এলাকায় পানিভর্তি হাউসে পড়ে খালামুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
পাঁকা ইউনিয়ন পরিষদের সচিব আকবর হোসেন জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় পার্শ্ববর্তী নির্মাণাধীন বাড়ির পানিভর্তি হাউসে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে ওই পানির হাউস থেকে তার মরদেহ উদ্ধার করে।