সিলেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় আসামি ৩ শতাধিক
সিলেটে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের কর্মচারী ও পরিবহণ শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে
বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। অপর মামলাটি সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারি প্রকৌশলী দেবব্রত দাস বাদী হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ বাদী হয়ে করা অস্ত্র মামলায় ফয়সল আহমদ ফাহাদকে নামের একজনকে আসামি করা হয়েছে। তিনি এই মামলায় গ্রেফতার রয়েছেন। পুলিশের দায়ের করা আরেক মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলাটির বাদী সিসিকের উপ সহকারি প্রকৌশলী দেবব্রত দাস। মামলাতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার বেলা ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েন মেয়র ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। সংঘর্ষে কাউন্সিলর-পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।