নেত্রকোনায় দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক
নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের গৌরার হাওরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশ সদস্য আরিফ হোসেন, বাউসা গ্রামের মোজাম্মেল, রুবেল, খসরু, সাইদুল, আবু সাহেদ, পায়েল, সবুজ, লুৎফুর রহমান, কেন্তু মিয়া, টিপুল, তাইজুল ইসলাম, মাখনা গ্রামের সজুত মিয়া, ইছহাক মিয়া, সাইকুল ইসলাম, সুহেল মিয়া, হেকিম। এর মধ্যে গুরুতর অবস্থায় পুলিশ সদস্য আরিফকে মদন হাসপাতালে এবং মোজাম্মেল ও রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, মাখনা গ্রামের ফৌজদার মিয়ার কাছে জনতা বাজারের পাশের দুই শতাংশ জমি বিক্রি করেন বাউসা গ্রামের মানিক মিয়া। ফৌজদার মিয়ার কেনা জমিতে দোকানঘর নির্মাণ করায় গতকাল মঙ্গলবার মানিক মিয়ার টিনশেড, ফৌজদার মিয়া ও শান্তু মিয়ার নবনির্মিত আধাপাকা দোকানঘর ভেঙে ফেলে বাজার কমিটি। এ ঘটনায় একইদিন রাতে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে বাজার কমিটির সভাপতি আজিজুল হকসহ আটজনের নামসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন ফৌজদার মিয়ার ছেলে সোহেল খান। এরই জেরে বুধবার বিকেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
মদন থানার ওসি মাসুদুজ্জামান বলেন, সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।