জামালপুরে ভ্যানচালক হত্যায় ভাই-ভাবি গ্রেফতার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউপির কুড়ালিয়া পটল গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাই ও ভাবিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ।
গ্রেফতাররা হলেন- কুড়ালিয়া পটল গ্রামের কালু মিয়ার ছেলে রনজু মিয়া ও তার স্ত্রী সুজাতা বেগম। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গ্রামের খোকন মিয়ার স্ত্রী মমতা বেগম স্থানীয় কেরামজানি বাজার থেকে খড় কেনেন। এরপর সেই খড় একই গ্রামের ভ্যানচালক রহিম মিয়াকে বাড়িতে পৌছে দিতে বললে রহিম তাকে আপত্তিকর কথা বলেন। বিষয়টি রহিমের চাচাতো ভাই আলমগীরকে জানান মমতা। এরপর আলমগীর বিষয়টি নিয়ে রহিম ও তার তিন ভাই-বোন শুক্কুর, রঞ্জু ও কল্পনার সঙ্গে কথা বলতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রহিম, শুক্কুর, রঞ্জু ও কল্পনা লাঠি দিয়ে পিটিয়ে আলমগীরকে অচেতন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই আলমগীর মারা যান।
তারাকান্দি পুলিশতদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরজিনা বেগম মামলা করেছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি রনজু মিয়া ও তার স্ত্রী সুজাতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, রনজু মিয়া ও তার স্ত্রী সুজাতা বেগমে আশুলিয়ার জিরোবো থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।