জামালপুরে মা-ছেলে হত্যার নেপথ্যে পরকীয়া
জামালপুরের মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী মমিনা আক্তার শিখা ও তিন বছর বয়সী ছেলে তাওহিদকে হত্যা করা হয়েছে। এ অভিযোগ করেছেন নিহত মমিনার ছোট বোন নাসরিন তাবাসসুম কেয়া।
তিনি জানান, কাঠমিল মালিক হারুন অর রশিদ পলাশ দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত ছিল। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী মমিনা আক্তার শিখা পরকীয়ায় বাধা দেয়ায় বুধবার রাতে তাকে এবং তার তিন বছরের শিশু পুত্র তাওহীদকে হারুনুর অর রশিদ পলাশ হত্যা করে।
বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউপির চর গোপালপুর গ্রামের নিজ ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পলাশ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউপির চরগোপালপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করার পর হারুন অর রশিদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামালপুরের অ্যাডিশনাল এসপি সীমা রাণী সরকার জানান, নিহতদেরকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।