ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত্যুর পরও নিয়মিত ভাতা ভোগ করছেন ৪৩ ব্যক্তি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮, ১২ জুলাই ২০২০
মৃত্যুর পরও নিয়মিত ভাতা ভোগ করছেন ৪৩ ব্যক্তি
তারাগাঁও ইউপি কার্যালয় ও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের কপি

দিনাজপুর কাহারোলে মৃত্যুর পর এক বছর ধরে ৪৩ জন বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীর নামে ভাতা তোলা হচ্ছে ব্যাংক থেকে। এ ঘটনা জানাজানি হওয়ায় নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ওই ৪৩ ব্যক্তির মৃত্যুর পর তাদের ভাতা কার্ড জমা না দিয়ে ও স্বাক্ষর জাল ভাতার টাকা আত্মসাৎ করছেন ওই উপজেলার ৪ নম্বর তারগাঁও ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় ইউএনও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউপির ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার জরিনা বেগম। অভিযোগের সুষ্ঠ তদন্ত করে সাইফুল চেয়ারম্যানের শাস্তি দাবি করেছেন তিনি।

Advertisement

অভিযোগকারী জানান, ৪ নম্বর তারগাঁও ইউপির ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগী ৪৩ জন কার্ডধারী মারা যান। এরপর তাদের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ভাতার টাকা তুলে আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এক বছর ধরে প্রতি মাসেই এভাবে ভাতার টাকা আত্মসাৎ করে চলেছেন তিনি।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম জানান, ইউপি মেম্বারদের ডেকে সভার মাধ্যমে ব্যাংক থেকে তোলা ভাতার টাকা উপজেলা সমাজসেবা অধিদফতরে জমা দেয়ার নির্দেশ দিয়েছি।

কাহারোলের ইউএনও মনিরুল হাসান জানান, মৃত ব্যক্তিদের নামে ভাতা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!