ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে অন্তঃসত্ত্বার বিবস্ত্র লাশ উদ্ধার, স্বামী আটক

যশোর প্রতিনিধি   
প্রকাশিত: ১৬:২১, ১৬ জুন ২০২০
যশোরে অন্তঃসত্ত্বার বিবস্ত্র লাশ উদ্ধার, স্বামী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের খাজুরার জহুরপুরে রাজিয়া খাতুন নামে এক অন্তঃসত্ত্বার বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে খাজুরা-কালীগঞ্জ মহাসড়কের মামুন ব্রিকসের (ইটভাটায়) ঝুপড়ি ঘরের সামনে থেকে এ লাশ উদ্ধার।

নিহত অন্তঃসত্ত্বা যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের শহিদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী এবং মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। 

এ ঘটনায় সন্দেহভাজন গৃহবধূর স্বামী যশোরের চুন্নু হত্যা মামলার প্রধান আসামি শহিদকে আটক করেছে পুলিশ।

গৃহবধূর স্বামী শহিদ জানান, স্ত্রী রাজিয়াকে নিয়ে মামুন ব্রিকসে শ্রমিকের কাজ করেন তিনি। সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রসুলপুরে রাজিয়ার বাবার বাড়ি থেকে রাজিয়াকে নিয়ে কর্মস্থল ইটভাটায় ফেরেন। এদিন গভীর রাতে কয়েকজন লোক ভাটার কর্মচারী পরিচয়ে তার ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলা মাত্রই ঘরে ঢুকে তাকে মারপিট শুরু করে। জীবন বাঁচাতে দৌড়ে পাশের মাঠে পালিয়ে যায়। এর দুই ঘণ্টা পর সে ভাটার নৈশপ্রহরীকে নিয়ে ঘরের ঢুকলে তার স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ পড়ে থাকতে দেখে। দ্রুত ভাটার মালিক মামুনকে জানালে সে পুলিশকে খবর দেয়। 

তিনি আরো জানান, সম্প্রতি একটি ভাটার পার্শ্ববর্তী তৈলকুপ গ্রামে একটি মেয়েলি ঘটনার প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে ১৫-১৬ জন এসে তার ওপর হামলা চালায়। পালিয়ে যাওয়ায় দুর্বত্তরা তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে  ধর্ষণের পর হত্যা করেছে।  

ইট ভাটার নৈশপ্রহরী আবু তাহের বিশ্বাস বলেন, মঙ্গলবার ভোরে কাদা-পানি মাখা অবস্থায় শহিদ ভাটার অফিসে এসে আমাকে ডাকে। শহিদের সঙ্গে গিয়ে দেখি তার স্ত্রীর বিবস্ত্র লাশ ঘরের সামনে পড়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে ভাটার মালিককে ফোন করে বিষয়টি জানেই। 

খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান বলেন, ভাটার মালিকের ফোন পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছাই। ভাটার পশ্চিমে ঝুঁপড়ি ঘরের সামনে মাটিতে ওই গৃহবধূর লাশ পাওয়া যায়। গৃহবধুর স্বামী শহিদও জখম হয়েছে। প্রাথমিকভাবে শহিদকে চিকিৎসা দেয়া হয়েছে। লাশের সারা শরীরে ব্লেড দিয়ে কাটা ও ইটের আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ব্যাপারে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, নিহতের স্বামী যশোরের চুন্নু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর এক বছর আগে দেশে ফিরে বিভিন্ন ইটভাটায় কাজ করতো। এলাকায় তার প্রতিপক্ষ রয়েছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন গৃহবধুর স্বামী যশোরে চুন্নু হত্যা মামলার প্রধান আসামি শহিদকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!