কারাগারে থেকেই পড়াশোনা করতে চান মিন্নি
বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগারে থেকেই পড়াশোনা করতে চেয়েছেন।
বুধবার কারাগারে মিন্নির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ তথ্য জানান তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
তিনি বলেন, মিন্নি জেলহাজতে থাকা অবস্থায় পড়াশোনা করার আগ্রহ দেখিয়েছেন। এ কারণে তার পরিবার আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।
আইনজীবী আরো বলেন, জেলসুপারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মিন্নির বাবা আবেদন করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
মাহবুবুল বারী বলেন, মিন্নির রাতে ঘুমাতে পারছেন না। মানসিকভাবে বিপর্যস্ত তিনি। জেলসুপারের উপস্থিতিতে মিন্নির সঙ্গে আমার কথা হয়েছে। মিন্নি বলেছেন, তার চিকিৎসা প্রয়োজন।
এদিকে মিন্নিকে দিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ানো হয়েছে বলে জানিয়েছেন তার এ আইনজীবী। তিনি বলেন, রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মিন্নি যে জবানবন্দি দিয়েছেন, তা পুলিশ শিখিয়ে দিয়েছে। সেই জবানবন্দি মিন্নি প্রত্যাহার করতে চাচ্ছেন। আমি মিন্নিকে এই স্বীকারোক্তি প্রত্যাহার করার প্রক্রিয়া শিখিয়ে দিয়েছি।
উল্লেখ্য, ২৬ জুন সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করা হয়। এদিন বিকেল ৪টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/জেডআর