ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গা সংকটে স্থানীয় ২০টিরও বেশি উদ্ভাবনী সমাধান তুলে ধরল কেয়ার বাংলাদেশ ও স্টার্ট বাংলাদেশ হাব
পরিচ্ছন্ন রান্নার প্রযুক্তি, ঋতুস্রাব পর্যবেক্ষণের ব্রেসলেট, সৌরবিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা—রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন থেকে তৈরি এমন ২০টিরও বেশি উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে কক্সবাজারে। এসব উদ্যোগের লক্ষ্য স্থানীয় মানুষের নানা সমস্যা সমাধান করা। তবে এগুলো আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে প্রয়োজন অর্থায়ন, কারিগরি সহায়তা ও সহযোগী প্রতিষ্ঠান।
আজ কক্সবাজারে কেয়ার বাংলাদেশ ও স্টার্ট বাংলাদেশ হাব এবং ইজিসেন্স এর কারিগরি অংশীদারিত্বে আয়োজিত কক্সবাজার হিউম্যানিটারিয়ান ইনোভেশন এক্সচেঞ্জ ২০২৬ অনুষ্ঠানে এসব উদ্যোগ তুলে ধরা হয়। এতে সরকারি-বেসরকারি সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দাতা প্রতিষ্ঠান, গবেষক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। মানবিক সহায়তার অর্থায়ন কমে আসার প্রেক্ষাপটে স্থানীয়ভাবে তৈরি উদ্যোগগুলো কীভাবে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করেন তারা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন,রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগকে সবার যৌথ দায়িত্ব হিসেবে নিতে হবে। এই উদ্যোগ এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু কোনো একটি সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। এটি আমাদের সবার দায়িত্ব।
প্রদর্শনীতে ২০টিরও বেশি উদ্যোগকে তিনটি বিষয়ে ভাগ করা হয়। এগুলো হলো পরিচ্ছন্ন জ্বালানি ও জলবায়ুবান্ধব প্রযুক্তি, কমিউনিটির সহনশীলতা ও টেকসই অবকাঠামো এবং দক্ষতা, জীবিকা ও সুরক্ষা।
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন, কমিউনিটির উদ্যোগে পানি ও স্যানিটেশন অবকাঠামো মেরামত, সৌরচালিত সড়কবাতির রক্ষণাবেক্ষণ, নারীদের বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ এবং ওয়েস্ট ক্যাফে। উদ্যোক্তারা তাঁদের উদ্যোগ এগিয়ে নিতে পরীক্ষামূলক বাস্তবায়নের সুযোগ, কারিগরি সহায়তা, অংশীদারত্ব ও অর্থায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) নাজমুল ইসলাম ভূঁইয়া। পরে তিনি অতিথিদের নিয়ে উদ্ভাবন প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে বিভিন্ন উদ্যোগের পোস্টার, প্রোটোটাইপ ও মডেল প্রদর্শন করা হয়। এ সময় তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। তাই রোহিঙ্গা তরুণরা যেন আরও উচ্চশিক্ষার সুযোগ পায় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হতে পারে, সেই সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।
অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা হয়। প্রথম আলোচনায় ইউএনএইচসিআর, কর্ডএইড, মুক্তি কক্সবাজার ও জীবিকা ও দক্ষতা উন্নয়ন (এলএসডিএস) খাতের প্রতিনিধিরা রোহিঙ্গা মানবিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি, সার্কুলার ইকোনমি ও বাজারভিত্তিক উদ্যোগের ব্যবহার নিয়ে কথা বলেন। দ্বিতীয় আলোচনায় ব্র্যাক, আমাল ফাউন্ডেশন, অক্সফাম ও পিওরলাইফ আরও সিস্টেমসের প্রতিনিধিরা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগের অর্থায়ন ও সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা দুটি সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশের নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড লার্নিং কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন এবং হিউম্যানিটারিয়ান অ্যান্ড রেজিলিয়েন্ট ফিউচারস প্রোগ্রামের পরিচালক কায়সার রিজভী।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি প্রতিনিধি ইভো ফ্রেইজসেন উদ্ভাবকদের উদ্যোগ নিয়ে বলেন,“রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরেই অংশীদারত্বের শক্তি প্রমাণিত হয়েছে। উদ্ভাবনী উদ্যোগগুলোকে পরীক্ষামূলক প্রকল্পের পর্যায় থেকে বড় ধরনের পরিবর্তন আনার পর্যায়ে নিয়ে যেতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মনোভাব ধরে রাখতে হবে।”
আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্ভাবকদের সঙ্গে সম্ভাব্য সহযোগী ও অংশীদারদের যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। তাঁদের মতে, স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও প্রয়োজন থেকে তৈরি এসব উদ্যোগ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। উদ্যোগগুলো এগিয়ে নিতে দাতা সংস্থা, মানবিক সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন স্টার্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শফিউল আলম। অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানান কেয়ার বাংলাদেশের কক্সবাজার রিজিওনাল অফিসের প্রধান কায়সার রিজভী ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনএইচসিআরের সিনিয়র ইন্টারএজেন্সি কোঅর্ডিনেশন অফিসার ক্রিস্টোফার বেন্ডার; কর্ডএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ ইমরান; মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার; এলএসডিএসের সেক্টর কোঅর্ডিনেটর আশিক কবির; ব্র্যাক এইচসিএমপির এডভাইজার সুব্রত কুমার চক্রবর্তী; আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইসরাত করিম; অক্সফামের এনামুল হক এবং পিওরলাইফ আরও সিস্টেমসের নির্বাহী পরিচালক মেজর (অব.) মো. আনারুল কবির।