ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জলবায়ু অভিযোজন প্রকল্পের বেসলাইন জরিপে চুক্তি করল আর্ট ল্যাব ও পল্লীশ্রী
কমিউনিটিভিত্তিক উন্নয়ন ও জলবায়ু অভিযোজন (সি বিডি অ্যান্ড সি এ ) প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে আর্ট ল্যাব ও পল্লীশ্রী।
রোববার ঢাকার মিরপুরে পল্লীশ্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এবং আর্ট ল্যাবের চেয়ারম্যান মো. মাকসুদ-উল হাসান। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় দিনাজপুরের ছয়টি উপজেলা এবং নীলফামারী সদর উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এ প্রকল্পের মূল লক্ষ্য।
বেসলাইন জরিপে প্রকল্পের নির্ধারিত সূচকগুলোর প্রাথমিক মান নিরূপণের পাশাপাশি লক্ষ্যভুক্ত এলাকার জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, নারী-পুরুষের অবস্থান ও ভূমিকা এবং জলবায়ু সহনশীলতার বর্তমান চিত্র তুলে ধরা হবে। জরিপের তথ্য-উপাত্ত প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে এর অর্জন ও প্রভাব মূল্যায়নে ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।