চিকিৎসক-নার্সদের পাশে দাঁড়ালেন মাদারগঞ্জ পৌর মেয়র
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
রোববার তিনি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কেনার জন্য মাদারগঞ্জ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সাইফুল ইসলামের কাছে চেকটি হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, ইউএনও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন, এ দেশের এই সংকটময় সময়ে সবাইকে এগিয়ে আসতে হবে। যার যা সামর্থ্য আছে তার সবটুকু নিয়ে করোনা মোকাবিলায় এগিয়ে আসা দরকার। এ সময় পরিবার নিয়ে ঘরে থাকার কথা থাকলেও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এটা মানতে তিনি রাজি নন।
তিনি বলেন, আমার পরিবার হলো পৌরবাসী। তাদের কাছে থাকাই আমার দায়িত্ব। যাদের দরজায় রাত দিন ভোট প্রর্থনা করে নির্বাচিত হয়েছি। এই ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজখবর নিয়ে তাদেরকে সচেতন করা এবং অসহায়দের মুখে দুমুঠো খাবার দিতে তো পারবো।