দুর্গাপূজায় নৌ যাত্রীদের নিরাপত্তায় হটলাইন সহ ১৬ নির্দেশনা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ১৬টি নির্দেশনা জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এসব নির্দেশনার মধ্যে রয়েছে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, রাতে স্পিডবোট চলাচল নিষিদ্ধ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং দুর্ঘটনা মোকাবিলায় উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা।
গত ৮ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের নৌযানে ওঠানামা করতে হবে নির্ধারিত টার্মিনালের পন্টুন ব্যবহার করে। সদরঘাটসহ বিভিন্ন স্থানে নদীর মাঝপথে লঞ্চের সঙ্গে নৌকা বা ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা বন্ধ রাখতে হবে। পাশাপাশি লঞ্চ ও অন্যান্য নৌযানে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ নিশ্চিত করতে হবে।
দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে স্পিডবোট চলাচল করা যাবে না। দিনের বেলায় স্পিডবোট নদীর মাঝখান দিয়ে চলাচল করতে পারবে না। এ ছাড়া স্পিডবোটের যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে বলা হয়েছে।
নৌদুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখতে হবে। গুরুত্বপূর্ণ নদীবন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও জোরদার করতে হবে। একই সঙ্গে আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করে নৌযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সদরঘাট নৌ টার্মিনাল ও পন্টুন এলাকায় হকার ও ক্যানভাসারদের অবস্থান বন্ধ রাখতে বলা হয়েছে। টার্মিনালের প্রবেশপথে নৌযানের রুট ও পন্টুনের তথ্য প্রদর্শনের পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নৌপথের নাব্যতা বজায় রাখা এবং ফেরিঘাটে যানবাহনের প্রবেশ ও সারিবদ্ধ চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনাও দেওয়া হয়েছে। ফেরিতে ওঠার আগে চালক ছাড়া অন্য যাত্রীদের বাস বা যানবাহন থেকে নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে ফেরিঘাটে নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করতে বলা হয়েছে।
নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে টার্মিনালে পানি, স্যানিটেশন, নিরাপত্তা, মোবাইল ফোন চার্জিং এবং বিশ্রামের ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন
নৌযাত্রায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় লঞ্চে চারটি হটলাইন নম্বর প্রদর্শন করতে হবে। নম্বরগুলো হলো—
-
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
-
ফায়ার সার্ভিস: ১০২
-
বিআইডব্লিউটিএ যাত্রীসেবা: ১৬১১৩
-
কোস্ট গার্ড: ১৬১১১
এ ছাড়া আবহাওয়ার তথ্য জানতে ১০৯০, ৪১০২৫৭৩০ অথবা ৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগ করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পাঠানো হয়েছে।